চট্টগ্রাম বুলেটিন

সেই আকাশ চৌধুরীর জামিন, প্রতিদিন হাজিরা দেওয়ার শর্তে

চট্টগ্রাম নগরের জামালখানে শাহবাগপন্থী  বাম নেত্রীকে লাথি মেরে কারাগারে যাওয়া বহিষ্কৃত জামায়াত কর্মী আকাশ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আগামী ১৫ জুন থেকে প্রতিদিন আদালতে হাজিরা দেওয়ার শর্তে এ জামিন মঞ্জুর করা হয়েছে।
বুধবার (৪ জুন) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেছেন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আকাশ চৌধুরীর জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। তবে ১৫ জুন থেকে প্রতিদিন আদালতে হাজিরা দিতে হবে তাকে।
জানা যায়, গত ২৮ মে বিকেল সাড়ে ৩টার দিকে  মুক্তিযুদ্ধকালে কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোটের পূর্বনির্ধারিত কর্মসূচিতে হামলা চালায় ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’ নামে সদ্য গজিয়ে ওঠা একটি সংগঠন।
ওই সময় ঘটনাস্থল থেকে এক ছাত্রসহ দুজনকে আটক করে পুলিশ। পরে দ্রুত বিচার আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। হামলার পরপরই ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, গণতান্ত্রিক ছাত্রজোটের পূর্বনির্ধারিত কর্মসূচিতে ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’ কর্মীদের অতর্কিত হামলার পর প্রেস ক্লাবের সংলগ্ন চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে আশ্রয় নেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতা-কর্মীরা। সেখানে একজন পুলিশ সদস্যকেও দেখা গেছে।
আকাশ চৌধুরী পুলিশের চোখ এড়িয়ে নেতা-কর্মীদের পেছন যান। সেখানে দাঁড়িয়ে হঠাৎ একজনকে লাথি মারেন তিনি। এরপর ঘুরে আবার আরেক নারীকে লাথি মারেন। লাথি মারার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় ওঠে। তবে তার আগে আকাশ চৌধুরীও বাম সংগঠনের নেতা-কর্মীদের হাতে ব্যাপক মারধরের শিকার হন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আকাশ সমর্থকদের অভিযোগ, বাম নারী নেত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল হলেও আড়ালে থেকে যায় তাকে মারধরের দৃশ্যটি। একটি পক্ষ ইচ্ছেকৃত এডিট করে আংশিক ঘটনা প্রচার করে। তার আগে আকাশকে ব্যাপকভাবে হেনস্তা করে শাহবাগীরা।
এরপর জামায়াতে ইসলামী আকাশ চৌধুরীকে নিজেকে ‘কর্মী’ স্বীকার করে তাকে দল থেকে বহিষ্কার করে। পরে গত রবিবার বিকেল পৌনে ৩টার দিকে নগরের কোতোয়ালীর লালদীঘি মাঠ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। ওইদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। যদিও আকাশের দাবি তিনি আইনকে শ্রদ্ধা দেখিয়ে নিজেই আত্মসমর্পণ করেছেন।
Tags :

সর্বশেষ