চট্টগ্রাম বুলেটিন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসের রাজত্ব, এবার স্কুলের প্রধান শিক্ষককে কুপিয়ে জখম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে ভয়ঙ্কর সন্ত্রাসীদের রাজত্ব থামছেই না। একের পর এক সাধারণ মানুষকে টার্গেট করে তারা খুন করছেন। এতে বহু মানুষ হত্যার শিকার হচ্ছেন। পরিবারগুলো হারাচ্ছে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিটিকে। তবে দীর্ঘ দিন ধরে জঙ্গল সলিমপুরে আইনশৃংখলার চরম অবনতি হলেও পুলিশসহ পুরো প্রশাসন নিরব। সেখানে সন্ত্রাসীদের কাছেই যেন পুলিশ অসহায়। কেননা ব্যবস্থা নেওয়া দূরে থাক উল্টো পুলিশের একটি ফাঁড়ি দখল করে নিয়েছে সন্ত্রাসীরা। এছাড়াও আরেকটি পুলিশ ফাঁড়ি নিস্ক্রিয় হওয়ায় সেখানে ভাড়া ঘর দিয়ে দেয় সন্ত্রাসীরা।

সর্বশেষ ছিন্নমূলের এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সালামের উপর গতকাল বুধবার (৭ মে) রাত সাড়ে বারোটায় সন্ত্রাসী হামলা করা হয়। মধ্য রাতে লোটাস স্কুলের সামনে এ ঘটনা ঘটেছে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত বারোটার পর সালাম মাস্টারকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে দা, রামদা দিয়ে এলোপাতাড়ি কুপানো হয়। এসময় তিনি চিৎকার করলেও ভয়ঙ্কর সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি।

জানা যায়, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সালাম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এদিকে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

একটি সূত্র বলছে শহিদুল ইসলামকে উপর্যপুরি কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

এর আগে জঙ্গল সলিমপুরে মীর আরমান হোসেন নামে একজন এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়। এরপর আরেক যুবককে গুলি করা হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ড ঘটছে এই এলাকায়। বিশেষ করে পাহাড় কাটা, রাস্তা বানানো, সরকারি খাসের প্লট দখল, সেসবের বাণিজ্য, সিএনজির লাইন টেন্ডার, চাঁদাবাজি, সম্পূর্ণ চোরা বিদ্যুৎ ব্যবসা (সরকার পায় না), আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের পক্ষে-বিপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটছে। তবে শিক্ষিত সমাজ অপরাধ দমনে সচেতনতা সৃষ্টি করতে চাইলে সন্ত্রাসীদের বলী হতে হচ্ছে। সন্ত্রাসের জনপদে রূপ নেওয়া জঙ্গল সলিমপুরে এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন বহু মানুষ। দেশের নানা স্থানের বাসিন্দা হলেও এই এলাকায় বহু মানুষ সীতাকুণ্ড উপজেলার ভোটার রয়েছেন। কয়েক দিন আগে অস্ত্র সরবরাহ করার সময় পাহাড়তলী থানা পুলিশ একজনকে আটক করে। ওই যুবক জানায় অস্ত্রগুলো জঙ্গল সলিমপুরে নেওয়া হচ্ছিল।

Tags :

সর্বশেষ