এফ ওয়ান’ শিরোনামের যেই সিনেমা নিয়ে এই মাসেই বড় পর্দায় হাজির হচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট, সেই চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লন্ডনের বিখ্যাত লেস্টার স্কয়ারে। অনুষ্ঠানে আরেক চমকপ্রদ মুহূর্ত সৃষ্টি হয়, যখন সেখানে উপস্থিত হন হলিউড সুপারস্টার টম ক্রুজ। প্রায় সমবয়সী এই দুই কিংবদন্তি অভিনেতা দীর্ঘ ২৪ বছর পর আবার একসঙ্গে ধরা দিলেন একই ফ্রেমে।
বন্ধু ব্র্যাড পিটের নতুন সিনেমার সাফল্য কামনায় সেখানে যান টম ক্রুজ। তারা একসঙ্গে সিনেমাটি উপভোগ করেন এবং ফটোসেশনে অংশ নেন। হলিউডের এই দুই জনপ্রিয় মুখকে একসাথে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন তাদের অগণিত ভক্তরা। সর্বশেষ ২০০১ সালে ‘আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোজ’ কনসার্টে একসঙ্গে দেখা গিয়েছিল এই দুই তারকাকে।
এ বছর হলিউডের সবচেয়ে আলোচিত দুটি চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন এই দুই অভিনেতা। টম ক্রুজ অভিনীত ‘মিশন: ইম্পসিবল–দ্য ফাইনাল রেকনিং’ ইতোমধ্যেই মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। অন্যদিকে, ক্রুজের আগের হিট ছবি ‘টপ গান: ম্যাভেরিক’–এর পরিচালক জোসেফ কোসিনস্কি এবার ব্র্যাড পিটকে নিয়ে নির্মাণ করেছেন ‘এফ ওয়ান’।
এই সিনেমার প্রিমিয়ারে টম ক্রুজ ও ব্র্যাড পিটের পুনর্মিলন ভক্তদের মনে জাগিয়েছে নতুন প্রত্যাশা—হয়তো খুব শিগগিরই কোনো সিনেমায় একসঙ্গে কাজ করতে দেখা যাবে তাদের।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। প্রায় তিন দশক পর যদি তারা আবার একসাথে কোনো প্রজেক্টে যুক্ত হন, তবে তা নিঃসন্দেহে হলিউডের সাম্প্রতিক সময়ের এক বড় ঘটনা হয়ে উঠবে। উল্লেখ্য, ‘এফ ওয়ান’ সিনেমাটি ২৭ জুন, শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ ও কৌতূহল অনেক আগে থেকেই তুঙ্গে।