জাতীয় সংসদে এক বিএনপি নেতার হিজাব সংক্রান্ত বক্তব্যকে অবমাননাকর অ্যাখ্যা দিয়ে এর প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। আজ সোমবার (১৫ জুন ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২৬ জন সদস্যের উপস্থিতিতে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা সংসদে হিজাব নিয়ে কটূক্তি এবং বর্তমান সরকারের বিভিন্ন ‘দুর্বলতা’ নিয়ে বক্তব্য রাখেন।
মানববন্ধনে অংশ নেওয়া সংগঠনের এক সদস্য বিএনপি নেতা মনির চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে বলেন, “বিষয়টা খুব হাস্যকর যে সংসদে বক্তব্য রাখার আগে যেখানে প্রত্যেক সংসদ সদস্যের নাম-পরিচয় প্রকাশ করা হয়, সেখানে মনির চৌধুরীর আলাদা করে পরিচিত হওয়া লাগবে।” জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন,“হিজাব-নিকাবিরা জুলাই আন্দোলন যখন করেছিল, তখন তো জানতে চাননি এরা কারা? এখন যখন হিজাব পরা মেয়েরা সংসদে এসেছে, এখন আপনারা জানতে চাচ্ছেন এরা কারা?
মানববন্ধন থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ৮টি দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো:জাতীয় সংসদে নারীদের ধর্মীয় পোশাক নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। জাতীয় সংসদসহ রাষ্ট্রের সকল পর্যায়ে নারীর ধর্মীয় স্বাধীনতা,ব্যক্তিস্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধর্মীয় পরিচয় ও পোশাকের কারণে নারীদের প্রতি বৈষম্য, বিদ্বেষমূলক বক্তব্য ও হয়রানি বন্ধে প্রয়োজনীয় নীতিমালা ও ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশে সংঘটিত সকল ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার দ্রুত নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নারীদের ধর্মীয় ও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবমাননাকর বক্তব্য কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।