Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

সন্ত্রাসী ডেভিড ইমনের গোঁফ নেই: পর্দার খলনায়ক বাস্তবের হাতকড়ায়!

সিনেমার রুদ্ধশ্বাস চিত্রনাট্যকেও যেন হার মানালো আজকের ঘটনা! বহু অপরাধের সঙ্গে জড়িত আলোচিত খলনায়ক ‘ডেভিড ইমন’ অবশেষে তিন সহযোগীসহ যশোর থেকে পুলিশের জালে ধরা পড়েছেন। তবে জাঁকজমকপূর্ণ গ্রেপ্তারের চেয়েও এখন সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে এক নতুন প্রশ্ন—“ডেভিডের গোঁফ গেল কই?”

অপরাধ জগতে একের পর এক ঘটনা ঘটিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন রকমের ছবি ও ভিডিও আপলোড করে রীতিমতো নিজেকে তামিল হিরো বনিয়ে দিতেন। ঘটনার পরও অধরা থেকে রীতিমতো ফেসবুকে এক্টিভ থাকাকে অনেকেই রহস্যজনক ধরে নিতেন। সেসব ছবিতে ইমনের মূল আকর্ষণই ছিল তাঁর বাঁকা গোঁফ। কিন্তু আজ সকালে যখন পুলিশি বেষ্টনীতে ডেভিড ইমনকে উপস্থিত করা হলো, দর্শকরা যেন চোখকে বিশ্বাস করতে পারছিলেন না! কোথায় সেই গমগমে রূপ? কোথায় সেই বিখ্যাত গোঁফ? বদলে সামনে দাঁড়ানো এক গোঁফ-হীন তরুণ, যাকে দেখলে মনে হতে পারে তিনি হয়তো একটু আগেই পার্লার থেকে ফেসিয়াল সেরে এসেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র কৌতূহল ও নানা জল্পনা-কল্পনা। নেটিজেনদের একাংশ বলছেন, “পুলিশের হাত থেকে বাঁচতে কত রূপই না মানুষ ধারণ করে! কিন্তু গোঁফটাই একেবারে গায়েব করে দেওয়া—এ যেন সিনেমার গল্পকেও ছাড়িয়ে গেছে।” কেউ কেউ তো রসিকতা করে মন্তব্য করছেন, “খলনায়কের ক্ষমতার মূল চাবিকাঠি নাকি ছিল ওই গোঁফেই, সেটাই ছেঁটে ফেলার পর তিনি আর ছদ্মবেশ ধরে রাখতে পারলেন না!”

তবে কৌশল যা-ই হোক না কেন, ছদ্মবেশ বা গোঁফ কামিয়ে শেষ রক্ষা আর হয়নি। নিজের তিন বিশ্বস্ত সহযোগীকে নিয়ে অবশেষে ধরা পড়তেই হলো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে।

বর্তমানে এলাকায় একটাই আলোচনা—সিনেমার শেষ দৃশ্যে ভিলেন ধরা পড়লেও দর্শকদের মনে খটকা থেকে যায়। ডেভিড ইমনের ক্ষেত্রেও সেই খটকাটাই রয়ে গেল, “অপরাধের পথ বন্ধ হলো কিনা তা জানা নেই, কিন্তু ডেভিডের প্রিয় গোঁফটি শেষ পর্যন্ত কোন সেলুনের ঝুড়িতে গিয়ে জমা পড়ল?”

Tags :

সর্বশেষ