Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে পলাতক আ’লীগ নেতার অবৈধ বিলবোর্ড বাণিজ্য, রাজস্ব হারাচ্ছে সীতাকুণ্ড পৌরসভা

চট্টগ্রামের কালুশাহ মাজার, সিটি গেট থেকে শুরু করে সলিমপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশে রাতের আঁধারে একের পর এক অবৈধভাবে গড়ে উঠছে বিশালাকার বিলবোর্ড। অভিযোগ উঠেছে, সরকার পরিবর্তনের পরও বহাল তবিয়তে চলছে পলাতক চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক অর্থ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আরশেদুল আলম বাচ্চুর এই সাম্রাজ্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর বাচ্চু আত্মগোপনে গেলেও তার বিলবোর্ড ব্যবসা থেমে নেই। কতিপয় সুযোগসন্ধানী নেতাকর্মীর ইন্দন ও সরাসরি আশ্রয়-প্রশ্রয়ে দিনে দিনে আরও সম্প্রসারিত হচ্ছে এই অবৈধ নেটওয়ার্ক। প্রতিদিন রাতের আঁধারে মহাসড়কের দু’পাশে ঝুঁকিপূর্ণভাবে বসানো হচ্ছে একের পর এক বিশালাকার লোহার কাঠামো ও বিলবোর্ড।

মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জায়গায় প্রতিদিন এভাবে অবৈধ বিলবোর্ড উঠলেও নীরব ভূমিকা পালন করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। সরকারি জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা গড়ে উঠলেও সওজের দৃশ্যমান কোনো নজরদারি বা উচ্ছেদ অভিযান চোখে পড়ছে না।

 

এদিকে, এসব অবৈধ বিলবোর্ড থেকে কোনো ধরনের রাজস্ব পাচ্ছে না সীতাকুণ্ড পৌরসভা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিয়মবহির্ভূতভাবে স্থাপন করা এসব বিলবোর্ডের কারণে পৌরসভা ও সরকার প্রতি মাসে লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে মহাসড়কের দু’পাশে যত্রতত্র বিলবোর্ড স্থাপনের ফলে পথচারী ও চালকদের দৃষ্টি বিভ্রম ঘটছে, যা মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

এ বিষয়ে সীতাকুণ্ডের সচেতন নাগরিক সমাজ ও সংশ্লিষ্টরা দ্রুত সময়ের মধ্যে সওজ এবং স্থানীয় প্রশাসনের যৌথ অভিযান চালিয়ে সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদ এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tags :

সর্বশেষ