চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
তবে ডেভিড ইমনকে কোন সংস্থা গ্রেপ্তার করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ‘পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি। অন্য কোনো সংস্থা গ্রেপ্তার করে থাকতে পারে।’
ডেভিড ইমন চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে আলোচিত বড় সাজ্জাদ নামে পরিচিত সাজ্জাদ আলী খানের অনুসারী হিসেবে পরিচিত। চট্টগ্রাম নগরের অপরাধজগতের আলোচিত নাম ডেভিড ইমন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি ডিডিএন নামে একটি প্রতিষ্ঠানে হামলার সাথে জড়িত থাকাকে কেন্দ্র করে ডেভিড ইমন আলোচনায় আসে।