চট্টগ্রাম বুলেটিন

সিভাসুতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে গেল নিষিদ্ধ ছাত্রলীগ

চট্টগ্রাম ভেটেরিনারি এণ্ড এ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক নিয়ে স্লোগান দিতে দিতে প্রবেশ করল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করতে পারেনি।

শনিবার দুপুরে দুইজন বোরকা পরিহিত নারীসহ নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন একটি ফুলের তোড়া নিয়ে সিভাসু ক্যাম্পাসে প্রবেশ করে। এসময় তারা জয় বাংলা স্লোগান ও আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি গানটি গাইতে থাকে। পরে তারা সেখানে অবস্থিত শহীদ মিনারে তারা ফুল দেয়।

খালিদ হোসাইন অন্তর নামে এক ছাত্রলীগ নেতা সিভাসুতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভিডিও পোস্ট করেন৷ সেখানে দেখা যায়, ১৫-২০ জন নেতাকর্মী গান গাইতে গাইতে সিভাসুর কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছেন৷ সামনে বোরকা পরিহিত দুজন নারীও রয়েছেন৷ ফুলের মধ্যখানে লেখা রয়েছে “পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ”।

এদিকে নগরের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসে। তবে ফুলের তোড়ায় নাম লেখা না থাকায় পুলিশ তাদেরকে শ্রদ্ধা জানাতে দেয়নি বলে সূত্র জানিয়েছে।

এ বিষয়ে খুলশী থানার ওসি জাহিদুল ইসলাম জানান, আমরা সিভাসুতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু ছাত্রলীগের কোন ফুল সেখানে পাইনি। হয়তো তারা আগে থেকে লিখে রাখা কোন ফুল দিয়ে চলে গেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

Tags :

সর্বশেষ