চট্টগ্রাম বুলেটিন

রাজনৈতিক দল ও অংশিজনদের সাথে ইসির বৈঠক ১৩ নভেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার থেকে বৈঠক শুরু করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতিবিনিময়কালে ইসি সচিব এসব কথা জানান।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে পরিবর্তন আনা হয়েছে এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তাদের সহযোগিতা বিষয়ে আলোচনা করাই এই সংলাপের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।

ইসি সচিব আরও জানান, গত (সোমবার) রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার গেজেট প্রকাশিত হয়েছে। এই আচরণবিধি প্রকাশিত হওয়ার পরই সংলাপ আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আচরণবিধি ছাড়া সংলাপ অর্থবহ হতো না। এখন এটি প্রকাশিত হওয়ায় আমরা ১৩ই নভেম্বর থেকেই সংলাপ শুরু করব।

তিনি জানান, আমরা নিবন্ধিত দলগুলোর সাথেই মতবিনিময় করব। আমরা আশাবাদী যে, রাজনৈতিক দলগুলো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সংলাপে অংশ নেবে। তবে পর্যায়ক্রমে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে, সে বিষয়ে গণমাধ্যমকেও জানানো হবে।

কমিশন মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন এই সংলাপ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করে তুলবে।

Tags :

সর্বশেষ