নিজস্ব প্রতিবেদক:
ক্রেতাদের সাথে প্রতারণা করায় চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে অবস্থিত সেলিম পাঞ্জাবী মিউজিয়াম ও পরিস্থানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৫ মার্চ) দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। সহযোগিতা করেন সহকারী পরিচালক মো: আনিছুর রহমান ও রানা দেবনাথ।
ভোক্তা অধিকার জানায়, বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবি ইন্ডিয়ান পাঞ্জাবির ট্যাগ লাগিয়ে অধিক মুল্যে বিক্রি, দেশি বিদেশি কোনো রকম ক্রয় ভাউচার না থাকা এবং প্রতারণামূলক মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পাঞ্জাবি বিক্রি করায় সেলিম পাঞ্জাবী মিউজয়ামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবিতে ইন্ডিয়ান পাঞ্জাবির ট্যাগ লাগিয়ে অধিক মুল্যে বিক্রি, বিদেশি বলে যে পণ্য বিক্রি করছে তার ক্রয় ভাউচার দেখাতে না পারা এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পাঞ্জাবি বিক্রি করায় একই এলাকার পরিস্থানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তাছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত এবং মেয়াদ বিহীন দধির মধ্যে ক্ষতিকর ময়লা আবর্জনা থাকায় পুরবী ফুডস এন্ড বিরিয়ানি নামক রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।