চট্টগ্রাম বুলেটিন

এমআরএ চট্টগ্রামের আহ্বায়ক কাইয়ুম, সদস্য সচিব আরেফিন

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’র চট্টগ্রাম’ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

শনিবার (৩ মে) মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ‘আজকের পত্রিকা’র মাল্টিমিডিয়া সাংবাদিক আবদুল কাইয়ুম এবং প্রতিদিনের বাংলাদেশের মাল্টিমিডিয়া সাংবাদিক, ভোকাল আটিস্ট আশিক আরেফিন সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব ও গঠনের দায়িত্ব পালন করবেন। এ সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।

এ বিষয়ে আহ্বায়ক আবদুল কাইয়ুম বলেন, “চট্টগ্রামে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মর্যাদা রক্ষা এবং অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এই প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে চাই। সামনে একটি কার্যকর ও প্রতিনিধিত্বমূলক কমিটি উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সদস্য সচিব আশিক আরেফিন বলেন, “আমরা চাই সংগঠনটি হোক সাংবাদিকদের কল্যাণের মূলভিত্তি। সকলের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে আমরা একটি স্বচ্ছ ও গতিশীল কমিটি গঠনের জন্য কাজ করব।”

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে মাল্টিমিডিয়া রিপোর্টারদের সাহসিক ভূমিকাও বিশেষভাবে প্রশংসিত হয়েছে। রাস্তায় চলমান আন্দোলনের প্রত্যক্ষ চিত্র, লাইভ আপডেট, ভিডিও প্রতিবেদন ও সাধারণ মানুষের কণ্ঠ সরাসরি দর্শক-শ্রোতার কাছে পৌঁছে দিয়েছেন এই গণমাধ্যমকর্মীরা। কঠিন পরিস্থিতিতেও তারা মাঠে থেকে সত্য তুলে ধরে সাংবাদিকতার নতুন ধারা ও দায়িত্বশীলতার অনন্য নজির স্থাপন করেছেন।

একজন মাল্টিমিডিয়া রিপোর্টার একাধারে লেখক, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার এবং শব্দ সংগ্রাহক। তিনি অনলাইন পাঠকের চাহিদা অনুযায়ী তথ্যকে তাৎক্ষণিক, দৃশ্যমান ও কার্যকরভাবে উপস্থাপন করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদকে বহুমাত্রিকভাবে পৌঁছে দেওয়াই তাঁর মূল দায়িত্ব।

এই নতুন কমিটির হাত ধরে চট্টগ্রামে মাল্টিমিডিয়া সাংবাদিকতার অগ্রযাত্রা আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

Tags :

সর্বশেষ