ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
শনিবার অনুষ্ঠিত এ বৈঠকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে—শেহবাজ শরিফ ইরানের সক্রিয় কূটনৈতিক সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ‘আন্তরিক মধ্যস্থতাকারী’ হিসেবে কাজ চালিয়ে যাবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে শেহবাজ শরিফ ইরানি প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে করমর্দন ও আলিঙ্গনের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ করেন।
এদিন তিনি শুধু ইরানের প্রতিনিধিদলের সঙ্গেই নয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গেও পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি উপস্থিত ছিলেন।
বৈঠকগুলোকে ঘিরে আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তানের সক্রিয় ভূমিকা আরও জোরদার হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।