চট্টগ্রাম বুলেটিন

ইরানে অস্ত্র পাঠাতে পারে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন করে অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। শনিবার (১১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম CNN এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য এই চালানে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে পারে। মার্কিন গোয়েন্দাদের ধারণা, সাম্প্রতিক দুই সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান বিদেশি মিত্রদের সহায়তায় তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে।

গোয়েন্দা সূত্রগুলোর বরাতে আরও জানানো হয়, চীন সরাসরি নয়, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এসব অস্ত্র ইরানে পাঠানোর পরিকল্পনা করছে, যাতে উৎস শনাক্ত করা কঠিন হয়।

বিশেষ করে কাঁধ থেকে ছোড়া বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস) সরবরাহের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ ধরনের অস্ত্র অতীতে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ভূপাতিত করতেও ব্যবহৃত হয়েছে বলে দাবি করা হয়।

তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। তাদের বক্তব্য, চীন কখনও যুদ্ধরত কোনো দেশকে অস্ত্র সরবরাহ করে না এবং মার্কিন গোয়েন্দাদের এ দাবি ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’।

চীনা দূতাবাস আরও জানায়, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে চীন সবসময় আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে চলে। তারা যুক্তরাষ্ট্রকে এ ধরনের অভিযোগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছে।

Tags :

সর্বশেষ