পতিত স্বৈরাচারের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সমাবেশ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বিএনপি নেতারা বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে। মানুষ তার কথা বলার অধিকার ফিরে পেয়েছে। মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আওয়ামী লীগ আবারও গণতন্ত্রকে নস্যাৎ করতে নৈরাজ্য চালাচ্ছে। তারা মিছিলের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চাচ্ছে। আগামীতে বন্দরনগরীতে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালালে জনগণকে সাথে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
শুক্রবার বিকেলে নগরীর লালখান বাজার থেকে শুরু হয়ে ওয়াসা মোড়, কাজির দেউড়িসহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে এসে শেষ হয় মিছিলটি। মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশে নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের কাছে ক্ষমা না চেয়ে খুনী আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। জুলাইসহ অতিতে কয়েকটি গণহত্যা চালিয়ে দলটি একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এখন থেকে নগরীর কোথাও মিছিলের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তাদেরকে প্রতিহত করা হবে।
মিছিলে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা অংশ নেন।