চট্টগ্রাম বুলেটিন

জাতীয় বাজেটের বিভিন্ন দিক সহজ ভাষায় তুলে ধরবে চবি শিক্ষার্থীরা

প্রতি বছর জাতীয় বাজেট ঘোষণা করে থাকে সরকার। এটি দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী দলিল হলেও এর জটিল পরিসংখ্যান ও অর্থনৈতিক পরিভাষা সাধারণ মানুষের কাছে অনেক সময় দুর্বোধ্য থেকে যায়। তবে সাধারণ মানুষের কাছে এবার বাজেটকে সহজভাবে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে চবি ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগের শিক্ষার্থীরা। সিইউ বাজেট ফেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা সামষ্টিক অর্থনীতির তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে জাতীয় বাজেটের বিভিন্ন দিক সহজ ভাষায় তুলে ধরবে।

 

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ১২তম ব্যাচের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘সিইউ বাজেট ফেস্ট ২০২৬। তারুণ্যের চোখে অর্থনীতি (CU Budget Fest 2026: Macro in Action)’। জাতীয় বাজেট ২০২৬-২৭ কে সাধারণ মানুষের কাছে সহজ ও বোধগম্যভাবে উপস্থাপনের লক্ষ্যে আয়োজিত এ ব্যতিক্রমী উৎসবকে সামনে রেখে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৮ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আহ্বায়ক ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক মো. মুজিদুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, প্রতি বছর জাতীয় বাজেট দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী দলিল হলেও এর জটিল পরিসংখ্যান ও অর্থনৈতিক পরিভাষা সাধারণ মানুষের কাছে অনেক সময় দুর্বোধ্য থেকে যায়। সিইউ বাজেট ফেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা সামষ্টিক অর্থনীতির তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে জাতীয় বাজেটের বিভিন্ন দিক সহজ ভাষায় তুলে ধরবে।

আয়োজকরা জানান, এবারের উৎসবে বিভাগের ১২তম ব্যাচের ১০০ জন শিক্ষার্থী ১০টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে। প্রতিটি দল মূল্যস্ফীতি, কর ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং খাত, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা, আমদানি-রপ্তানি, কৃষি, কর্মসংস্থান এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসহ জাতীয় বাজেটের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে।

উৎসবটি প্রদর্শনীভিত্তিক (Exhibition Style) আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে। প্রতিটি বুথে থাকবে তথ্যসমৃদ্ধ পোস্টার, ইনফোগ্রাফিক এবং ব্যাখ্যামূলক ভিডিও প্রদর্শনের ব্যবস্থা। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন কুইজ ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, যেখানে সঠিক উত্তরদাতাদের জন্য থাকবে ছোট উপহার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল প্রতিযোগিতার মূল্যায়ন করবেন।

আয়োজকরা আরও জানান, প্রতিযোগিতার ৫০ শতাংশ নম্বর নির্ধারণ করবেন বিচারকরা এবং বাকি ৫০ শতাংশ নম্বর নির্ভর করবে দর্শনার্থীদের ভোট ও সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্ট প্রভাবের ওপর। এ মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত হবে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ বিজয়ী দল।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এটি শুধু একটি বিভাগীয় আয়োজন নয়; বরং তরুণদের অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় বাজেট বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ তৈরির একটি কার্যকর উদ্যোগ। তারা গণমাধ্যমকর্মীদের আগামীকাল অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনটি কাভার করার আহ্বান জানান।

Tags :

সর্বশেষ