Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

নিহত ১২ পরিবহন শ্রমিকের পরিবার পেলো অনুদানের চেক

চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন ঘটনায় মৃত্যুবরণকারী ১২ জন সদস্য শ্রমিকের অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে মোট ৭ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় নগরের নগরীর ১ নম্বর জেটি গেইট এলাকায় অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এই অনুদান তুলে দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান (শিমুল বিশ্বাস)।
শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শফির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ফারুকের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহমান বক্স (দুদু) এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাঁন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ, চট্টগ্রাম আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান রুবেল, সিএমপির উপ-পুলিশ কমিশনার (বন্দর বিভাগ) মো. আমিরুল ইসলাম, চট্টগ্রাম প্রাইমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম খাঁন।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াছিন, কোষাধ্যক্ষ মো. লিয়াকত আলী বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মো. বাবলু, প্রচার সম্পাদক মো. জামাল উদ্দিনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট কমিটির প্রতিনিধি, প্রয়াত শ্রমিকদের পরিবারের সদস্য এবং বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কাজের তাগিদে জীবন বাজি রেখে তারা দিনরাত সেবা দিয়ে যান। একজন শ্রমিকের আকস্মিক মৃত্যুতে তার পরিবার যেন হঠাৎ করে নিঃস্ব ও অসহায় হয়ে না পড়ে, সে দায়িত্ববোধ থেকেই কল্যাণ তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো দূর্যোগে তাদের পাশে থাকতে সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Tags :

সর্বশেষ