চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় সরকারবিরোধী ষড়যন্ত্র, বিশৃঙ্খলা সৃষ্টি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্ চেষ্টাকালে অভিযান চালিয়ে ২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ব্যানার, বাঁশের লাঠি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ভোরে বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকার আবুল হাশেম সওদাগর মসজিদের বিপরীত পাশে (আনন্দবাজার সাগরপাড়স্থ আউটার রিং রোডগামী এলাকা) এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার মগধরা এলাকার বাসিন্দা মোঃ সজীব আলী (১৯) এবং বাঁশখালী থানার বাহাড়ছড়া এলাকার বাসিন্দা মোঃ তানজীর (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক মাহমুদের নেতৃত্বে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মী সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে লাঠিসোটা নিয়ে ব্যানারসহ আনন্দবাজার এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে।
সংবাদ পেয়ে সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ আমিরুল ইসলামের সার্বিক দিক-নির্দেশনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রহিমের নেতৃত্বে এসআই রেজাউল হোসাইনসহ পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে সজীব ও তানজীরকে গ্রেপ্তার করা হয়। তবে দলটির অন্যান্য সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের দখল থেকে উদ্ধার করা হয়, ১টি ডিজিটাল ব্যানার, একটি আইফোন-১৩ ও ৪টি লাঠি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তাঁরা দেশে-বিদেশে অবস্থানরত দলীয় শীর্ষ নেতাদের মদদে ও সহায়তায় এই ঝটিকা মিছিলের আয়োজন করেছিল এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছিল।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্য পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।