Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে পাহাড় ধস: যানবাহন চলাচলে তীব্র ঝুঁকি

বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সংলগ্ন এলাকায় আবারও পাহাড় ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে ফৌজদারহাটমুখী লেনে অন্তত ৪০০ মিটার এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে সড়কে উপড়ে পড়ে। এতে বায়েজিদ থেকে ফৌজদারহাটগামী লেনটিতে আরেফিন গেট থেকে ১ নম্বর ব্রিজ পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতির কারণে বাধ্য হয়ে অপর একটি একক লেন দিয়েই উভয়মুখী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।

জানা যায়, বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কে পাহাড় ধস এখন নিত্যদিনের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টিপাত কিংবা শুষ্ক মৌসুমেও খাড়াভাবে কাটা পাহাড়ের প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় প্রায়ই এভাবে মাটি উপড়ে পড়ছে। ঝুঁকি জেনেও প্রতিদিন এই ব্যস্ততম সড়ক দিয়ে হাজার হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সড়ক থেকে ধসে পড়া মাটি সরিয়ে ফোজদারহাটমুখী লেন সচল করার পাশাপাশি পাহাড় ধস ঠেকাতে স্থায়ী ও সুনির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Tags :

সর্বশেষ