Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

সন্দ্বীপে শারীরিক শিক্ষা শিক্ষকদের দিনব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট

স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে টেবিল টেনিস খেলার মান উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সন্দ্বীপে দিনব্যাপী ‘শারীরিক শিক্ষা শিক্ষকদের রিফ্রেশার্স কোর্স: টেবিল টেনিস কৌশল ও ম্যাচ পরিচালনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ (বৃহস্পতিবার) সম্পন্ন হয়েছে। উপজেলা কমপ্লেক্স ইনডোর স্পোর্টস গ্রাউন্ডে এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রজেক্টরে থিওরি ক্লাস পরিচালনা করছেন প্রশিক্ষক

প্রজেক্টরে থিওরি ক্লাস পরিচালনা করছেন প্রশিক্ষক

প্রবাসীদের সংগঠন ‘সন্দ্বীপ ইউনাইটেড ইউএসএ’-এর উদ্যোগে এবং সার্বিক আর্থিক পৃষ্ঠপোষকতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ এবং সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা।

দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্যা মুনির এবং প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিভাগের প্রধান আব্দুল করিম।

ব্যবহারিক ক্লাস পরিচালনা করছেন প্রশিক্ষক

কর্মশালায় সন্দ্বীপের বিভিন্ন বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— মধ্য সন্তোষপুর উচ্চ বিদ্যালয়, সন্দ্বীপ আইডিয়াল হাইস্কুল, কাটগড় গোলাম নবী, সন্তোষপুর আদর্শ আলিম মাদরাসা, গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মুছাপুর বদিউজ্জামান, ডা. আহমদ উল্লাহ সালেহা মাদরাসা, কাজী আফাজ উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়, আবদুল খালেক একাডেমি, পূর্ব সন্দ্বীপ বহুমুখী, কালাপানিয়া উচ্চ বিদ্যালয় এবং মগধরা স্কুল এন্ড কলেজ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ

প্রশিক্ষণ কর্মশালাটি তাত্ত্বিক ও ব্যবহারিক- এই দুটি পর্বে বিভক্ত ছিল। প্রশিক্ষণের প্রথম অংশে শিক্ষকদের টেবিল টেনিস খেলার আধুনিক কৌশল হাতে-কলমে শেখানো হয়। এর মধ্যে সঠিক গ্রিপ বা ব্যাট ধরার নিয়ম, রেডি পজিশন ও ফুটওয়ার্ক, ফোরহ্যান্ড ও ব্যাকহ্যান্ড সার্ভিস এবং মৌলিক স্ট্রোকস (ড্রাইভ, পুশ, ব্লক) সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

দ্বিতীয় অংশে ছিল ম্যাচ পরিচালনা বা অফিসিয়েটিং সেশন। এখানে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের (আইটিটিএফ) সর্বশেষ হালনাগাদ নিয়মাবলি, আধুনিক ১১ পয়েন্টের স্কোরিং ও ডিউস সিস্টেম, সার্ভিস ও লেট কল করার নিয়ম, ডাবলস খেলার নিয়মকানুন এবং আম্পায়ারিংয়ের বিভিন্ন সংকেত নিয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করানো হয়।

আয়োজক ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা আধুনিক টেবিল টেনিসের খুঁটিনাটি সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছেন, তা তারা নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবেন। সন্দ্বীপ ইউনাইটেড ইউএসএ-এর সভাপতি এস এম ফেরদৌস জানান, এই উদ্যোগের মধ্য দিয়ে আগামীতে সন্দ্বীপ থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং স্থানীয় টুর্নামেন্টগুলো সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে পরিচালিত হবে।

Tags :

সর্বশেষ