Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

আবেগঘন স্ট্যাটাসে সন্দ্বীপবাসীকে ধন্যবাদ জানালেন সিডিএ চেয়ারম্যান

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন সিডিএ প্রধান হিসেবে তাঁর প্রথম সন্দ্বীপ সফর শেষে দ্বীপের আপামর জনতা, উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সন্দ্বীপ সফর শেষে চট্টগ্রাম শহরে ফিরে তিনি তাঁর ফেসবুক প্রোফাইলে দেওয়া এক আবেগঘন বার্তায় সন্দ্বীপের মানুষের এই ভালোবাসাকে চিরস্মরণীয় বলে অভিহিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় সিডিএ চেয়ারম্যান লেখেন, “আজ (বুধবার) সারাদিন সন্দ্বীপ উপজেলায় নানা প্রাতিষ্ঠানিক ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছি। এখানকার নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় আমি আপ্লুত; যা সবসময় আমার স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে।”

সময়ের স্বল্পতার কারণে সন্দ্বীপের উত্তরাঞ্চলের নেতাকর্মী ও গাছুয়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পরিদর্শনে যেতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “সময়ের অভাবের কারণে গাছুয়া ৫০ বেডের হাসপাতাল পরিদর্শন করা সম্ভব হয়নি। আমি অত্যন্ত দুঃখিত যে উত্তর অঞ্চলের আমার প্রিয় সহযোদ্ধারা আমার অপেক্ষায় ছিলেন, অথচ তাঁদের সাথে দেখা করতে পারি নাই। তবে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহেই আবারও এসে তাঁদের সাথে দেখা করব।”

সফর সফল করতে সার্বিক সহযোগিতার জন্য সন্দ্বীপ উপজেলা প্রশাসন, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা প্রকৌশলীসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান সিডিএ চেয়ারম্যান। এছাড়া ঈদে মিলাদুন্নবী (সা.) আয়োজন কমিটি এবং সার্বক্ষণিক পাশে থাকায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সন্দ্বীপের মঘধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ৩টি অসহায় পরিবারকে সম্পূর্ণ নতুন ঘর, খাট, লেপ-তোশক ও হাঁড়ি-পাতিলসহ পূর্ণাঙ্গ আবাসন উপহার দেওয়ায় ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দিন ও তাঁর টিমকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “আপনারা একটি অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

দুপুরে সুন্দর ও উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করায় সন্দ্বীপ প্রেস ক্লাব ও স্থানীয় সংবাদকর্মীদেরও ধন্যবাদ জানান সিডিএ প্রধান।

বার্তা শেষে সন্দ্বীপের প্রতি নিজের টান ও ভালোবাসার কথা ব্যক্ত করে তিনি লেখেন, “সাগরের উথাল-পাথাল ঢেউ ও কাদার ভালোবাসার মধ্য দিয়ে প্রাণের স্পন্দন সোনার দ্বীপ সন্দ্বীপ ছেড়ে নিরাপদে চট্টগ্রাম এসে পৌঁছেছি। আমার প্রিয় সহযোদ্ধা এবং দ্বীপের ভালোবাসার মানুষগুলোর জন্য রইল অবিরাম ভালোবাসা।”

Tags :

সর্বশেষ