নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে জামায়াত কর্মী মু. নুর নবীর বসতঘর। এতে পরিবার নিয়ে চরম বেকায়দায় পড়েন তিনি। চোখে মুখে উদ্বেগ-উৎকন্ঠা। তবে সেই উদ্বেগে পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। তার কাছে গিয়ে সমবেদনা জানানোর পাশাপাশি দিয়েছেন আর্থিক সহযোগিতাও। আর এতে হাসি ফুটেছে নুর নবীর মুখে।
সোমবার (২২ এপ্রিল) জঙ্গল সলিমপুরে উত্তর জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতারা তাকে দেখতে যান। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জঙ্গল সলিমপুর শাখা সভাপতি আ ন ম মুহিবুল্লাহর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক সীতাকুণ্ড ৪-আসনের এমপি প্রার্থী আনোয়ার ছিদ্দীক চৌধুরী।
এতে আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক কমিশনার মু.তাহের। সীতাকুণ্ড উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারী সাবেক ছাত্রনেতা মু.কুতুব উদ্দিন শিবলীসহ স্থানীয় জামায়াত শিবিরে নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, নুরনবী ভাইয়ের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। নবী ভাই যাতে মাথা তুলে আবারো দাঁড়াতে পারে, আবারও যেন দ্বীনি সংগঠনের দাওয়াত এই জনপদে পৌঁছে দিতে পারে সেজন্য উপজেলা জামায়াতের পক্ষ থেকে সামান্য চেষ্টা করা হলো। জামায়াত ইসলামী এদেশের প্রতিটা মজলুম, অসহায় পরিবারের পাশে ছিলো, আছে এবং থাকবে।
জামায়াত নেতৃবৃন্দ আরো বলেন, প্রতিটি সামাজিক কাজে নিজেদের ভূমিকা আরো বাড়াতে হবে। সেই সাথে দাওয়াতি গণসংযোগ উপলক্ষে প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে হবে।