বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে দর্শকদের চমকে দিলেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। মঙ্গলবার দুপুরে নগরীর কাজির দেউড়ি মোড়স্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই গান পরিবেশন করেন তিনি। এসময় তার গানে মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন অনেকেই।
জানা যায়, মঙ্গলবার পহেলা বৈশাখের দিন সন্ধ্যায় কাজির দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে যোগ দেন সহকারী ভারতীয় হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আশরাফুল আমিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচিসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের এক পর্যায়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুরোধে মঞ্চেই গান ধরেন এমপি সাঈদ আল নোমান। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে গেয়ে ওঠেন কালজয়ী দেশাত্মবোধক গান_ “তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, “তোমার বুকে মরতে পারি, যদি রাখো আমায় বুকে, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো…”জন্ম আমার ধন্য হলো মাগো”। তার দরদী কণ্ঠ আর বলিষ্ঠ গায়কীতে পুরো অনুষ্ঠানস্থলে এক পিনপতন নীরবতা নেমে আসে। গানের শেষে উপস্থিত সুধীজন ও দর্শকরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।
এর আগে সাঈদ আল নোমান সাংবাদিকদের খোঁজখবর নেন এবং নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, সংসদ সদস্য হওয়ার পর টেলিভিশনে একবার গান ধরেছিলাম আর আজ পহেলা বৈশাখের দিনে আবারও ধরলাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে আয়োজিত এই ‘বৈশাখী মিলনমেলা’ সাংবাদিকদের পাশাপাশি নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে।
নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, জনপ্রতিনিধিদের এমন সহজ-সরল ও সংস্কৃতিমনা আচরণ সাধারণ মানুষের সাথে তাদের দূরত্ব কমিয়ে উৎসবের আমেজকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়।