চট্টগ্রামে আদালতের হাজত থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) আড়াইটায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার দাউদকান্দি লঞ্চ টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল।
তিনি জানান, সীতাকুণ্ড থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলার আসামী আনোয়ার হোসেনকে গত ৪ মার্চ আদালতে সোপর্দ করা হয়। গত ২৯ এপ্রিল তাকে মামমলার শুনানীর জন্য আদালতে উপস্থিত করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম জেলা কোর্ট হাজতখানা থেকে জেলা কারাগারে নেয়ার সময় আনোয়ার হোসেন কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সুপারের নির্দেশে আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতারের জন্য চট্টগ্রাম জেলা, নোয়াখালী জেলা, কুমিল্লা জেলা ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় দীর্ঘ ৩০ ঘন্টা অভিযান পরিচালনা করা হয়।
তারই অংশ হিসেবে আজ বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন দাউদকান্দি লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।