Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

ওয়াসার ম্যানহোলে রিকশা উল্টে দুই কলেজ ছাত্রী আহত, মুহুর্তেই সাথে থাকা মালামাল উধাও

নগরীর চন্দনপুরা এলাকায় ওয়াসার অরক্ষিত ম্যানহোলের সাথে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী রিকশা উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে রিকশায় থাকা দুই কলেজছাত্রী এবং চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর ৩টার দিকে চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সদরঘাট এলাকার বাসিন্দা রিকশাচালক মোঃ হানিফ লালদিঘির পাড় বৈশাখী মেলা থেকে দুই জন কলেজছাত্রীকে নিয়ে সিরাজুদ্দৌলা রোডের দিকে যাচ্ছিলেন। রিকশাটি চন্দনপুরা ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে রাস্তার ওপর থাকা ওয়াসার মেইন হোলের (ম্যানহোল) সাথে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে রিকশাচালক হানিফ ও দুই যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

মালামাল চুরির অভিযোগ: আহত যাত্রীদের মধ্যে নুসরাত সিদ্দিকা নামে এক কলেজছাত্রী জানান, তারা আব্দুল জব্বারের বলীখেলার বৈশাখী মেলা থেকে কেনাকাটা করে ফিরছিলেন। দুর্ঘটনার পর যখন তারা আহত অবস্থায় রাস্তায় পড়েছিলেন, সেই সুযোগে ভিড়ের মধ্যে অজ্ঞাত পরিচয় কে বা কারা তাদের সাথে থাকা মেলা থেকে কেনা সমস্ত পণ্য ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের ক্ষোভ: দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। তবে সড়কের ওপর এভাবে ম্যানহোল বা মেইন হোল অরক্ষিত অবস্থায় থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ম্যানহোলটি মরণফাঁদে পরিণত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। দিনের আলোতেই যদি এই অবস্থা হয়, তবে রাতে চলাচল করা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।

বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। মালামাল হারিয়ে যাওয়ার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


Tags :

সর্বশেষ