চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি সিজেকেএস স্টেডিয়াম শপিং কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে একটি টািইলসের শো রুমের ক্যাশবাক্স থেকে এক লাখ ৩০ হাজার টাকা চুরি হয়। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সিজেকেএস মার্কেটের দ্বিতীয় তলায় মিলেনিয়াম টাইলস শোরুমে এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির মালিক এমরানুল ইসলাম মুকুল জানান, দুপুর দেড়টায় তিনি শোরুমের ক্যাশ লক করে দোকান থেকে বের হয়ে ওয়াশরুমে যান। ফিরে এসে তিনি দেখেন ক্যাশ ড্রয়ার ভেঙে টাকা নিয়ে গেছে চোর চক্র। খবর পেয়ে মার্কেটের অন্যান্য ব্যবসায়ী এবং কমিটির নেতৃবৃন্দ ছুটে আসেন। তারা দিনদুপুরে দুর্ধর্ষ এই চুরির ঘটনায় হতবাক হয়ে যান।
তিনি জানান, ঘটনা পর্যালোচনা এবং বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ দেখে এক যুবককে চিহ্নিত করা হয়েছে। তবে ওই যুবককে এখনও সনাক্ত করা যায়নি।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নগরীর কোতোয়াালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওসি অভিযোগ তদন্তের জন্য এসআই মো. আরিফুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন। উল্লেখ্য, শোরুমের স্বত্বাধিকারী এমরানুল ইসলাম মুকুল দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় নিয়োজিত। পাশাপাশি সম্প্রতি তিনি টাইলস ব্যবসার সাথে যুক্ত হয়েছেন। তিনি দুর্ধর্ষ এই চোর চক্রকে সনাক্ত এবং আইনের আওতায় আনতে সহযোগিতা কামনা করেছেন।