নিয়মকানুন না মেনে নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ভবন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার নগরীর চান্দগাও ও পাঁচলাইশ এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে সংস্থাটি। এ সময় চারটি ভবনকে জরিমানা করা হয় এবং নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয়া হয়। এ সময় অবৈধভাবে নির্মিত স্থাপনার মালিকদের কাছ থেকে ২৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবন মালিকেরা নিজেদের উদ্যোগে নকশা বহির্ভূত অংশ ভেঙে অপসারণ করবেন বলেও অঙ্গীকারনামা প্রদান করেন সিডিএ’র কাছে৷ অভিযানের নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন ও অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ। অথরাইজড অফিসার কাজী কাদের নেওয়াজ বলেন, চট্টগ্রাম শহরে নির্মিতব্য ভবনগুলো চউক অনুমোদিত নকশার ব্যতিক্রমী ব্যবহার না করার জন্য ভবন মালিকদের অনুরোধ জানানো হয়েছে। অনুমোদন ব্যতিত কোনো ভবন নির্মাণ করা হলে সিডিএ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, একটি পরিকল্পিত এবং বাসযোগ্য নগরী হিসেবে আমরা চট্টগ্রামকে গড়ে তুলতে চাই। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানে সিডিএর সহকারী অথরাইজড অফিসার আসাদ বিন আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷