Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

চট্টগ্রামে ভোটার বাড়লেও কমেছে কেন্দ্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে ভোটার সংখ্যা আগের নির্বাচনের তুলনায় এক লাখের বেশি বেড়েছে। তবে ভোটার বাড়লেও উল্টো কমেছে ভোটকেন্দ্রের সংখ্যা। সব আসন মিলিয়ে কেন্দ্র কমেছে ৫৮টি। নির্বাচন কমিশনের সর্বশেষ তালিকা অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ২ হাজার ২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ১ হাজার ৯৬৫টি কেন্দ্রে।

গত রোববার পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮৫ হাজার ১২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৫ হাজার ৬৫ জন, নারী ভোটার ৩১ লাখ ৯৯ হাজার ৯৯১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৬৯ জন। আগের নির্বাচনে মোট ভোটার ছিল ৬৫ লাখ ৭৬ হাজার ৯২৫ জন।

চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, গত নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হয়েছিল। এবার ভোট গ্রহণ হবে কাগজের ব্যালটে। ইভিএম ব্যবহারে তুলনামূলক বেশি ভোটকেন্দ্র প্রয়োজন হলেও কাগজের ব্যালটে সে প্রয়োজন কম থাকায় কেন্দ্রের সংখ্যা স্বাভাবিকভাবে কমেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে সবচেয়ে বেশি ভোটার রয়েছে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী এবং নগরীর চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) আসনে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন।

অন্য আসনগুলোর মধ্যে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৬০৫ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ৪ লাখ ৮৮ হাজার ৪৫৩ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) ২ লাখ ৬০ হাজার ৪৮৩ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) ৪ লাখ ৪৮ হাজার ৩৭৬ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড) ৫ লাখ ৩ হাজার ৫৩০ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) ৩ লাখ ৩৯ হাজার ৯৮৮ জন এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ৩ লাখ ১৯ হাজার ৮ জন ভোটার রয়েছেন।

Tags :

সর্বশেষ