চট্টগ্রামে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার (২০ এপ্রিল) চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেউলিয়া বিষয়ক আদালতের বিচারক মোঃ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মোঃ আবুল হোসেন ও মোঃ মাইন উদ্দিন ওরফে মানিক। তাদেরকে সশ্রম যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি উভয়কে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ মামালয় আসামি মোঃ জয়নাল উদ্দিনকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল ২০২১ সালে র্যাব-৭ এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া থানার আফজালনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকটি চালাচ্ছিলেন আসামি মোঃ আবুল হোসেন এবং তার সহযোগী ছিলেন মোঃ মাইন উদ্দিন। ট্রাকের ক্যাবিনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩৮ হাজার ৫ শত ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে সাতকানিয়া থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং দুজন আসামির স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারার জবানবন্দি নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। তিনি বলেন, মাদক মামলায় ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ জনকে খালাস দিয়েছেন। একইসাথে আদালত দণ্ডিত ২ জনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।