সাগরপথে অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকালে সন্দ্বীপের সারিকাইত গাছতলী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই চালানটি আটক করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত কর্তৃক গাছতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ওই এলাকায় অবস্থানরত একটি সন্দেহভাজন ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৬৬০ বস্তা সিমেন্ট পাওয়া যায়।
জব্দকৃত মালামালের তথ্য: সিমেন্টের পরিমাণ: ৬৬০ বস্তা যার আনুমানিক বাজারমূল্য: ৩ লক্ষ ৬৩ হাজার টাকা। এছাড়াও পাচারকাজে ব্যবহৃত ১টি ফিশিং বোট জব্দ করা হয়েছে।।
কোষ্টগার্ড জানায়, অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটটি কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “সাগরপথে যেকোনো ধরনের চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”