চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে যা বলা হয়েছে, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) মোতাবেক জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমানকে চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
মাহবুবের রহমান শামীম বলেন, ‘আমাকে দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলা পরিষদের আওতাধীন এলাকায় উন্নয়নের জন্য কাজ করে যাব।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছিলেন মাহবুবের রহমান শামীম। তবে আসনটিতে জয়ী হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।