চট্টগ্রাম বুলেটিন

চাকসু’র ভিপি কে এই ইব্রাহিম রনি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে শিবির প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হওয়া ইব্রাহিম রনি কে? কি তার পরিচয়? এসব নিয়ে শিক্ষার্থী ও সচেতন পাঠকদের আগ্রহের শেষ নেই।

চট্টগ্রাম বুলেটিনের অনুসন্ধানে জানা গেল চাকসু’র নব-নির্বাচিত ভিপি’র পরিচয়। জানা যায়, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সপ্তম চাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে সদ্য ভিপি হওয়া ইব্রাহিম হোসেন রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক শিক্ষার্থী। তিনি ২০১৭-১৮ সেশনে ইতিহাসের শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় ভর্তি হন৷ তার গ্রামের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে। তার বাবা মোহাম্মদ এনামুল হক ও মা আমেনা বেগম। চার ভাই বোনের মধ্যে রনিই পরিবারের বড় সন্তান। তিনি প্রাথমিকের গণ্ডি পার হন পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, মাধ্যমিক মুরাদপুর পাঁচুড়িয়া উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক কৃতিত্বের সাথে পাস করেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজ থেকে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি হন।তার বাবা একজন অতি সাধারণ কৃষক৷ এছাড়া এলাকায় টুকিটাকি ব্যবসা রয়েছে তাদের।

ইব্রাহিম রনি চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য৷ জুলাই আন্দোলনে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক৷ তিনি সামনে থেকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রামে৷ তবে ৫ আগস্টের পর পরিচয় উন্মোচন করে শিবিরে ফিরে যান তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মোহাম্মদ আলী জানান, নতুন ভিসি ইব্রাহিম হোসেন রনির গ্রামের বাড়ি নাটোরের বাগাতিপাড়ায়। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র।

এদিকে ইব্রাহিম হোসেন রনি ভিপি নির্বাচিত হওয়ায় বাগাতিপাড়ায় মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা। তারা বলছেন, রনি আমাদের গর্ব। রনির এই বিজয় শুধু শিক্ষার্থীদের বিজয় নয়, এই বিজয় বাগাতিপাড়ার বিজয়, নাটোরের বিজয়।

 

 

Tags :

সর্বশেষ