একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী। তিনি বলেন, একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। দেশবাসী স্বাধীনতার সুফল পাচ্ছে। বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আমরা স্বপ্ন দেখছি।
শনিবার (৪ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে ডিসি পার্কে শুরু হওয়া মাসব্যাপী ফুল উৎসবে এসে তিনি এসব কথা বলেন।
এসময় আসলাম চৌধুরী বলেন, ফুলের রাজ্যে এসে সত্যিই আমি মুগ্ধ, বিমোহিত। এটি (ডিসি পার্ক) আমার বাড়ির কাছেই, কোয়ার্টার মাইল দূরে আমার বাড়ি। আমার কৈশোর-যৌবনও কেটেছে এখানে। এখনও সোদা মাটির গন্ধ নিতে আমার ভালো লাগে। গ্রামের ফুল-ফল, গাছগাছালি আর প্রকৃতি আমাকে কাছে টানে। ডিসি পার্কে ফুলের এ আয়োজন মানুষের মনকে আরও নরম করে তুলুক, প্রফুল্ল করে তুলুক, বড় করে তুলুক। আমাদের এই দেশকে আমরা অনেক বেশি ভালোবাসি। আমি দীর্ঘ দিন কারাগারে ছিলাম। গণঅভ্যুত্থানের পর মুক্ত হয়েছি। দেশটাকে নতুনভাবে বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত করতে চাই। তাইতো ফুলের আলোয় আলোকিত হয়ে আমরা সমৃদ্ধির দেশ গড়ার পথে হাঁটতে চাই।
এসময় তিনি ডিসি পার্কের চারপাশ ঘুরে দেখেন। একপর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান কর্নারে তিনি মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান। এ সময় আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র ড. মোখলেস উর রহমান, স্থানীয় সরকারের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মোহাম্মদ খোরশেদ আলম খান, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন।
জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার পাশা, উপ-পরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ নোমান হোসেন, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব ড. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূৃমি অধিগ্রহণ শাখা) এ কে এম গোলাম মোর্শেদ খান, জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিউর রহিম জাদিদ, সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাগণ।
এর আগে দুপুর এগারোটায় ফিটা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে ডিসি পার্কে জেলা প্রশাসন আয়োজিত ফুল ফুল উৎসব-২০২৫ এর উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।