নগরের দেওয়ানহাট মোড়ে পূর্বঘোষিত এক সমাবেশ শুরুর আগেই ‘ইজিবাইক সংগ্রাম পরিষদ’-এর কর্মসূচি হয়েছে। এতে বাসদ, ছাত্রফ্রন্টের নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেছেন, কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ তাদের ব্যানার ছিনিয়ে নেয়, মাইক ভাঙচুর করে এবং নেতাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। আটককৃতরা হলেন, বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরি জয়, ছাত্র ফ্রন্ট নেতা মিনহাজ উদ্দিন ও রিকশাচালক মো. রুকন।
ইজিবাইক সংগ্রাম পরিষদের দাবি, তারা দীর্ঘদিন ধরে ৭ দফা বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছে। তাদের মধ্যে রয়েছে, ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স প্রদান, রুট পারমিট এবং নীতিমালা প্রণয়নের মতো দাবিগুলো।
সংগঠনের সদস্য সচিব মনির হোসেন বলেন, “প্রায় দেড় শতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নিতে এসেছিল। কোনো প্রকার উসকানি ছাড়াই পুলিশ হঠাৎ হামলা করে ও নেতাদের তুলে নিয়ে যায়। আমাদের একজন কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে।”
অন্যদিকে, ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম জানিয়েছেন, সমাবেশের কোনো অনুমতি ছিল না। তিনি বলেন, “ওরা রাস্তা অবরোধ করছিল এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায়। এজন্য তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে।”
ঘটনার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। কেউ বলছেন এটি মতপ্রকাশের অধিকারে হস্তক্ষেপ, আবার কেউ মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পদক্ষেপ প্রয়োজনীয় ছিল।