নগরের নাসিরাবাদ শিল্প এলাকায় বায়ু দূষণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে ইস্পাত তৈরি প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল মিলস লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর।
বৃহস্পতিবার পরিবেশ ভবনে অনুষ্ঠিত শুনানীতে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর এর পরিচালক সোনিয়া সুলতানা। বিষয়টি নিশ্চিত করেছেন এই দপ্তরের পরিদর্শক রুম্পা সিকদার। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গত ১ ডিসেম্বর পরিবেশের একটি টীম বিএসআরএম স্টিল মিলসে পরিদর্শনে গেলে উৎপাদন চালু থাকায় অবস্থায় বায়ু মনিটরিং টেস্ট করা হয়। এসময় গবেষণার ফলাফল বিশ্লেষণে এসপিএম মানমাত্রা পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুসারে গ্রহণযোগ্য মাত্রার বাইরে পাওয়া যায়। তারই প্রেক্ষিতে ৪ ডিসেম্বর শুনানীতে দুই লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিকে সাত দিনের মধ্যে জরিমানার টাকা জমা দিতে বলা হয়েছে।
একইসাথে ১৫ দিনের মধ্যে ধোঁয়া প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করার জন্য বলা হয়। এর আগে গত বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় জেলার ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি ইটভাটা গুড়িয়ে দেয় এবং তিনটি ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করে।