চট্টগ্রাম বুলেটিন

স্বস্তির বৃষ্টিতে ভিজছে দেশ: শনিবার পর্যন্ত চলবে বর্ষণ, কমবে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক:

গত কয়েক দিনের ভ্যাপসা গরম আর ৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রার পর অবশেষে বৃষ্টির দেখা মিলেছে চট্টগ্রামসহ দেশের অধিকাংশ অঞ্চলে। মুষলধারে এই বৃষ্টি জনজীবনে কিছুটা ভোগান্তি ও জলাবদ্ধতা তৈরি করলেও, দীর্ঘ দাবদাহের পর জনমনে স্বস্তি এনে দিয়েছে। বিশেষ করে সিলেটের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এই ধারা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে। বিভাগীয় পূর্বাভাস: ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

তাপমাত্রা: শনিবার পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে বৃষ্টির কারণে গরমের তীব্রতা অনেক কম অনুভূত হবে। বৃষ্টি চলাকালীন সময়ে কোথাও কোথাও দমকা ও ঝড়ো হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

দিনের হিসেবে সম্ভাবনা: বৃহস্পতিবার ও শুক্রবার: চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। সপ্তাহের শেষ দিন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর অর্থাৎ রবিবার থেকে বৃষ্টি ধীরে ধীরে কমে আসবে এবং সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করবে।

লঘুচাপের প্রভাব: আবহাওয়াবিদদের মতে, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই মূলত দেশের বিভিন্ন প্রান্তে এই বর্ষণ ও বজ্রবৃষ্টির সৃষ্টি হচ্ছে।

 

Tags :

সর্বশেষ