ফটিকছড়িতে উপজেলা সমবায় বিষয়ক প্রশিক্ষণে ছাত্রলীগ নেতাকে দিনব্যাপী প্রশিক্ষণের সুযোগ দিয়ে শাস্তির মুখোমুখি হচ্ছেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল শহীদ ভূঁইয়্যা। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা সমবায় কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন। একইসাথে ঘটনাটি তদন্তে এক সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে জেলা সমবায় অফিস।
জেলা সমবায় কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন সাক্ষরিত এক চিঠিতে জেলা কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক গাজী মু. ওমর ফারুক চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। তাকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। তিনি জানান, আমি ইতিমধ্যে জেলা সমবায় কর্মকর্তাকে চিঠি দিয়েছি। এতে বলা হয়েছে, ২০ অক্টোবর উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক হলে আয়োজিত সমবায় বিষয়ক প্রশিক্ষণে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফটিকছড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেনকে আমন্ত্রণ জানিয়েছেন আব্দুল শহীদ ভূঁইয়্যা। তিনি তাকে প্রশিক্ষনে অংশ নেওয়ার সুযোগ করে দেন। এই ঘটনার সম্পূর্ণ দায়-দায়িত্ব উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল শহীদ ভূঁইয়্যার উপর বর্তায়।

জানা গেছে দিনব্যাপী ওই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। তবে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীও সেখানে পাঁচ মিনিট বক্তব্য রাখেন। এসময় ওই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন। এতে তিনি লিখেন, উপজেলা সমবায় প্রশিক্ষণ সেমিনারে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়।
এদিকে এ ঘটনায় তীব্র সমালোচনা চলছে। অনেকেই বলছেন, আব্দুল শহীদ ভূঁইয়্যা একজন আওয়ামী লীগের অফিসার। তিনি এর আগে সীতাকুণ্ডে কর্মরত থাকাকালে ব্যাপক দুর্নীতি করেছেন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করার অভিযোগ আছে। একটি মাল্টিপারাস কোম্পানী গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ করে দেওলিয়া হলেও কোন ধরণের টাকা আদায় না করে তিনি দায় সারেন। তিনি ওইসময় ডামি নির্বাচনের এমপি মামুনের কাছের লোক ছিলেন বলে জানা গেছে। শুধু তাই জাল ভোট দিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদের কেন্দ্রে ঢুকিয়ে বাইরে পাহারা দিতেন শহীদ ভূঁইয়্যা। তার বিরুদ্ধে সীতাকুণ্ডে অফিস ফাঁকি দেওয়ার ও নারীর দিকে লোলুপ দৃষ্টির অভিযোগও রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সমবায় কর্মকর্তা আব্দুল শহীদ ভূঁইয়্যাকে কল করা হলেও রিসিভি করেননি।