চট্টগ্রাম বুলেটিন

মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর, দোকান

চট্টগ্রামের মিরসরাইয়ে এক ঘণ্টার কালবৈশাখীতে শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। এছাড়া গাছপালা উপড়ে গেছে। বিভিন্ন স্থানে ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি। এতে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ।

সোমবার (২১ এপ্রিল) ভোরে হঠাৎ মিরসরাই উপজেলার ওপর দিয়ে বয়ে যায় ঝড়। এতে উপজেলার ইছাখালী ও মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কালবৈশাখীতে বেশ কিছু বসতঘর বিধ্বস্ত হয়েছে। গাছ পড়ে কৃষকের গরু মারা গেছে। বিশেষ করে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসিমনগর সরকারি প্রথমিক বিদ্যালয়ের পাশে তারেক স্টোর নামের একটি দোকানের ওপর গাছ পড়ে দোকানটি লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে দোকানির ৬০-৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক।

এদিকে সড়কে গাছ পড়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। শহরের দোকানপাটের টিনের চাল উড়ে গেছে। বিধ্বস্ত হয়েছে অসংখ্য বড় বড় গাছ। ইছাখালী ইউনিয়নের চরশরত উচ্চবিদ্যালয়ের চাল উড়ে গেছে। চরশরত এলাকায় আবাসন প্রকল্পের ঘরের চাল উড়ে গেছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরীক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে।

মঘাদিয়া ইউনিয়নের বাসিন্দা শাকিল খান বলেন, ‘আমাদের এলাকায় আজ (সোমবার) ভোরে ৬টার ঝড়ে পুরো গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। কমবেশি বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ঘরবাড়ির চাল উড়ে গেছে। রাস্তায় গাছ পড়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

মধ্যম মঘাদিয়া এলাকার ক্ষতিগ্রস্ত মোহাম্মদ মোস্তফা বলেন, ‘ভোরের ঝড়ে আমার ঘরের চাল উড়ে গেছে।’ মিরসরাই পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আদনান হোসেন বলেন, ‘ঝড়ে মিরসরাই উপজেলায় আবুরহাট, মঘাদিয়া, ইছাখালী এলাকায় অন্তত ১৩টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। হঠাৎ প্রবল ঝড়ে বিদ্যুতের খুঁটিগুলো উপড়ে পড়ে যায়। কাজ চলছে। দ্রুত যেসব জায়গায় বিদ্যুৎ নেই সেসব এলাকায় ক্রমান্বয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে।’

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ‘এখনো ক্ষতিগ্রস্তদের তথ্য পাইনি। খোঁজখবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করলে তাদের সহায়তা করা হবে।’

Tags :

সর্বশেষ