নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এমন বাস্তবতাকে সামনে রেখেই শেষ আটে ওঠার লড়াইয়ে মিশরের বিপক্ষে ম্যাচের আগে সতর্কবার্তা দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় অনুষ্ঠিতব্য ম্যাচকে ঘিরে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এবারের বিশ্বকাপে কোনো দলই ধারাবাহিকভাবে নিজেদের সেরা পারফরম্যান্স ধরে রাখতে পারেনি। তার মতে, দীর্ঘ মৌসুম শেষে খেলোয়াড়দের ক্লান্তি, এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ, তীব্র গরম এবং ভিন্ন ভিন্ন মাঠের পরিবেশ পারফরম্যান্সে বড় প্রভাব ফেলছে।
আটলান্টা স্টেডিয়ামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান বিশ্বকাপে ফেবারিট দলগুলোকেও প্রতিটি ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। স্কালোনির ভাষায়, এখন আর কোনো প্রতিপক্ষকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। প্রতিটি দলই পরিকল্পনা নিয়ে মাঠে নামে, তাই জয় পেতে বাড়তি পরিশ্রম করতেই হচ্ছে।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে অন্তত তিনটি পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস পুরোপুরি ফিট থাকলে সাধারণত প্রথম একাদশেই জায়গা পান। তবে তার চোটের কারণে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে দেখছেন স্কালোনি। একই সঙ্গে কেপ ভার্দের বিপক্ষে আগের ম্যাচে দলের কিছু কৌশলগত দুর্বলতার কথাও স্বীকার করেছেন তিনি।
প্রতিপক্ষ মিশর সম্পর্কে স্কালোনি বলেন, দলটি বেশ সংগঠিত এবং মানসম্পন্ন খেলোয়াড়ে ভরপুর। দীর্ঘদিন ধরে একই কোচের অধীনে খেলায় তাদের খেলার ধরনও বেশ গোছানো। তিনি মনে করেন, মিশর কেবল রক্ষণাত্মক ফুটবলে সীমাবদ্ধ থাকে না, সুযোগ পেলেই আক্রমণে উঠে আসে। তাই সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখেই ম্যাচের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা।