Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

“সঠিক জ্ঞান ও প্রস্তুতি ছাড়া হজ্জ পূর্ণতা পায় না”: ড. আ ফ ম খালিদ হোসেন

সঠিক ধর্মীয় জ্ঞান ও পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া হজ্জের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পূর্ণতা পায় না বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর দিদার মার্কেটস্থ সাফা আর্কেডে এম. এইচ. হজ্জ গ্রুপের উদ্যোগে আয়োজিত এক হজ্জ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. খালিদ হোসেন বলেন, “হজ্জ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা যথাযথ নিয়ম ও শুদ্ধ পদ্ধতিতে আদায় করা প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য অপরিহার্য। হজ্জের ফরজ, ওয়াজিব ও সুন্নাহসমূহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে অনেক ক্ষেত্রে হজ্জের পরিপূর্ণতা ব্যাহত হতে পারে।” এই লক্ষ্যে হজ্জে গমনেচ্ছুদের যাত্রা শুরুর আগে থেকেই যথাযথ প্রশিক্ষণ গ্রহণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, হজ্জ কেবল আনুষ্ঠানিক ইবাদত নয়; এটি আত্মশুদ্ধি, ধৈর্য, ত্যাগ ও তাকওয়া অর্জনের এক অনন্য মাধ্যম। হজ্জের প্রতিটি ধাপ যথাযথভাবে পালনের মাধ্যমে একজন মুমিন তার আধ্যাত্মিক জীবনে আমূল পরিবর্তন আনতে পারেন।

এম. এইচ. হজ্জ গ্রুপের স্বত্বাধিকারী মঈন উদ্দীন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ারুল হক আযহারী, চন্দনপুরা জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মিসকিন শাহ জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন।

আলোচকগণ হজ্জের আধ্যাত্মিক ও ব্যবহারিক দিকগুলো তুলে ধরে বলেন, ইহরাম গ্রহণ থেকে শুরু করে তাওয়াফ, সাঈ, আরাফাতের ময়দানে অবস্থান এবং মিনা-মুজদালিফায় করণীয় বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি। একইসঙ্গে হজ্জ পালনকালে শৃঙ্খলা বজায় রাখা ও সহযাত্রীদের প্রতি সহমর্মী আচরণ করার জন্য তাঁরা হজ্জযাত্রীদের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. শফিকুল ইসলাম, হাব (HAAB) চট্টগ্রাম অঞ্চলের সভাপতি শরীয়ত উল্লাহ শহীদ, সেক্রেটারি আবদুল মালেক, আটাবের (ATAB) সাবেক মহাসচিব ইদ্রীস মিঞা এবং সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুস সোবাহান।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোরশেদুল আলম, হাফেজ মাওলানা শাহ আলম, মোহাম্মদ নাছির উদ্দীন, মাওলানা মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ইউনুস প্রমুখ।

আয়োজক প্রতিষ্ঠান এম. এইচ. হজ্জ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, হজ্জযাত্রীদের সঠিকভাবে মানসিক ও শারীরিক প্রস্তুতি সম্পন্ন করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে। কর্মশালায় হজ্জে আগ্রহী বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

Tags :

সর্বশেষ