Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

সড়কে উল্টে পড়ল ট্রাক, ছড়িয়ে পড়ল ফেবিকলের গ্লু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে আঠা তৈরির কাঁচামাল বহনকারী একটি কাভার্ড ভ্যান উল্টে পড়েছে। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে বক্তারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ঘটনার পর দেখা যায়, মহাসড়কের ঢাকামুখী লেনের অর্ধেকজুড়ে ভ্যানটি উল্টে পড়ে রয়েছে। গাড়ি থেকে কয়েকটি ড্রাম ছিটকে সড়কের ওপর পড়ে যায় এবং সেগুলো থেকে বের হওয়া আঠা তৈরির কাঁচামালে রাস্তার একটি অংশ সাদা হয়ে যায়। পরে শ্রমিকরা সড়ক থেকে কাঁচামাল সরানোর কাজ শুরু করেন।

গাড়িটির চালক সুজন কুমার নাথ জানান, তিনি পতেঙ্গা এলাকার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এলাকা থেকে ৩৯টি ড্রামভর্তি আঠার কাঁচামাল নিয়ে মুন্সিগঞ্জ এর উদ্দেশে রওনা হয়েছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে যাত্রা শুরু করার পর বার আউলিয়া দরগা এলাকা অতিক্রম করার সময় তিনি লক্ষ্য করেন যে গাড়ির পেছনের ডালা খুলে গেছে। এর কিছুক্ষণ পরই তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং ভ্যানটি সড়কের ওপর উল্টে যায়। এতে তিনি ও তাঁর সহকারী সামান্য আহত হন।

দুর্ঘটনার পর কয়েকটি ড্রাম খুলে গিয়ে কাঁচামাল সড়কে ছড়িয়ে পড়ে। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় শ্রমিকরা ড্রামগুলো সরিয়ে নেন। হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক আবদুল মতিন জানান, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয়েছিল। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয় এবং পরে রেকার ভ্যানের সাহায্যে উল্টে যাওয়া গাড়িটি থানায় নেওয়া হয়।

Tags :

সর্বশেষ