দরজায় কড়া নাড়ছে শীত, তার আগেই স্বস্তি ফিরছে সবজির বাজারে। ধীরে ধীরে কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম। বিক্রেতারা বলছেন, শীত পুরোপুরি নামলে দাম আরও কিছুটা কমে আসবে।
গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মুরগির দামও কিছুটা হ্রাস পেয়েছে। তবে গরু ও খাসির মাংসের দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি, বহদ্দারহাট ও চকবাজারের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এই চিত্র।
বাজারে এখন মূলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকায়, ফুলকপি ৮০ থেকে ১০০ টাকায় এবং বাঁধাকপি মানভেদে ৬০ থেকে ৮০ টাকায়। শিমের দাম এখনও কিছুটা বেশি, কেজিপ্রতি ২৫০ থেকে ২৬০ টাকা। এছাড়া বেগুন ৬০ থেকে ৬৫ টাকা, কচুরমুখী, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টিকুমড়ো ৪০ থেকে ৫০ টাকা, দেশি গাজর ১৪০, চায়না গাজর ১২০, দেশি শসা ৭০ থেকে ৮০ টাকা এবং করলা ও কাঁকরোল ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়স, পটল ও বরবটি কেজিপ্রতি ৭০ টাকা, কচুর লতি ৬০ টাকা এবং কচুরমুখী ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
আলু কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা, পেঁপে ৪০ টাকা, লাউ ৮০ থেকে ৯০ টাকা, চালকুমড়া ৭০ থেকে ৮০ টাকা, হালি কলা ৪০ টাকা ও হালি লেবু ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। শাকসবজির মধ্যে কচুশাক ৪০, মিষ্টিকুমড়ো শাক ৫০, পুঁইশাক ৪০ ও লালশাক ৫০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। কাঁচামরিচের দাম কেজিপ্রতি ২৬০ টাকায় স্থির আছে।
মুরগির বাজারেও কিছুটা স্বস্তি এসেছে। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে, সোনালি মুরগি ৩৫০ টাকা, দেশি মুরগি ৬০০ টাকা, কক মুরগি ২৬০ থেকে ২৯০ টাকা এবং লেয়ার মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরু ও মহিষের মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৯৫০ টাকায়, আর খাসির মাংস কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকা। ফার্মের ডিম ডজনপ্রতি ১৩৫ টাকা এবং হাঁসের ডিম ডজনপ্রতি ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
চিংড়ি ও মাছের বাজারে দাম প্রায় স্থিতিশীল। বাগদা চিংড়ি কেজিপ্রতি ৯০০, গলদা ৮৫০ ও ছোট চিংড়ি ৭০০ টাকা। বড় রুই বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫৮০ টাকায়, কাতলা ৩৬০ থেকে ৪৫০ টাকায়, কোরাল ৭০০ থেকে ৯০০, তেলাপিয়া ও সিলভার কার্প ২৫০, পাবদা ৪০০, রূপচাঁদা ৮৫০ এবং টেংরা ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
বহদ্দারহাট বাজারে সবজি কিনতে আসা সাইফুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক জানান, “আগে বেশিরভাগ সবজি ৮০ থেকে ১২০ টাকায় কিনতে হতো, এখন ৪০ থেকে ৬০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। শীতের আগমনেই দাম কমতে শুরু করেছে, যা আমাদের জন্য স্বস্তিদায়ক।”