চট্টগ্রাম বুলেটিন

সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আওলিয়া ঘাটে সংবাদ সংগ্রহে যাওয়া কয়েকজন সাংবাদিককে প্রকাশ্যে ‘সন্ত্রাসী’ বলে অপমান করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান—এমন অভিযোগ উঠেছে। ঘটনার পর তাঁকে সেদিনের মতো দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বরে ওই ঘাটে মহালয়া উপলক্ষে শতাধিক যাত্রী বহনকারী নৌকা ডুবে গেলে ৭১ জনের মৃত্যু হয়। আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুর্ঘটনার তিন বছর পূর্ণ হয়। এ উপলক্ষে ছয়-সাতজন সাংবাদিক সেখানে সংবাদ সংগ্রহে যান।

এ সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের নৌকায় মোটরসাইকেল নিয়ে পার হতে বাধা দেন। অথচ তখন নদীতে একাধিক নৌকা চলছিল এবং মোটরসাইকেল পারাপার হচ্ছিল। সাংবাদিকেরা এ বিষয়ে প্রশ্ন তুললে ম্যাজিস্ট্রেট ক্ষুব্ধ হয়ে বলেন,
“আপনি আল-জাজিরার সাংবাদিক হন আর যেই হন, তাতে কিছু যায় আসে না। যেতে পারবেন না।”

পরে সাংবাদিকেরা ঘটনাটি ক্যামেরায় ধারণ করলে তিনি অশালীনভাবে বলেন, “আপনারা সন্ত্রাসী।”

ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নূর হাসান অভিযোগ করে বলেন, “ঘাট ফাঁকা থাকলেও আমাদের মোটরসাইকেল নিয়ে যেতে বাধা দেওয়া হয়। অথচ অন্যরা এবং এমনকি ইউএনও নিজেও মোটরসাইকেল নিয়ে পার হচ্ছিলেন।”

বাংলাভিশনের সাংবাদিক মোশারফ হোসেন বলেন, “আমরা কেন যেতে পারব না—এ প্রশ্ন করলে ম্যাজিস্ট্রেট আমাদের সন্ত্রাসী বলেন।”

ঘটনার সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। জেলা প্রশাসক সাবেত আলী বলেন, “ঘটনার পর ওই ম্যাজিস্ট্রেটকে ঘাট থেকে আজকের মতো প্রত্যাহার করা হয়েছে।”

Tags :

সর্বশেষ