মো. সালাউদ্দিন:
খাগড়াছড়ি জেলার ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক নানা কর্মকান্ড পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় (২২ সেপ্টেম্বর) সোমবার সিন্দুকছড়ি জোন গুইমারা উপজেলার ৩ নম্বর সিন্দুকছড়ি ইউনিয়নের গড়াইছড়ি এলাকার ডেবলছড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাজ কল্যাণে সহায়তার আওতায় ছাত্র-ছাত্রী ও এলাকার সাধারণ মানুষের মাঝে নানা ধরণের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। এতে ভোগান্তি রোধে বাঁশের সেতু উদ্বোধন করা হয়৷ একটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের এইচএসসির সম্পূর্ণ বই বিতরণ করা হয়৷ এছাড়াও দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, চিকিৎসার জন্য অসচ্ছল ব্যক্তিদের নগদ অর্থ সহায়তা ও দুর্গা পূজা উদযাপনে নগদ সহায়তা দেয় বাংলাদেশ সেনাবাহিনী।
পাশাপাশি একই স্থানে সিন্দুকছড়ি জোন সদর থেকে মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির, (এএমসি) ও ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিবের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এই মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ২০০ জন পাহাড়ি অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসমাইল শামস আজিজী, পি এস সি জি, জোন উপ- অধিনায়ক মেজর মো: মাজহার হোসেন রাব্বানী ও সিন্দুকছড়ি জোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় জোন অধিনায়ক উপস্থিত চিকিৎসাভোগী, সহায়তাভোগী, সাধারণ জনতা ও ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন৷ তিনি বলেন, সর্বোপরি সকল দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে হবে আমাদের৷ এজন্য সকলের সহযোগীতা কামনা করছি।