চট্টগ্রাম বুলেটিন

সীতাকুণ্ডে চালকের গাফিলাতিতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

সীতাকুণ্ডে সিএনজি অটোরিকশা চালকের গাফিলতিতে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মা ও তার মেয়ে। সোমবার (২ অক্টোবর) দুপুর পৌনে দুইটায় পৌরসভার মৌলভী পাড়া রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মাকছুদা খাতুন (৪৮) ও তার মেয়ে সানজিদা আক্তার চুমকি (২৪)।

প্রত্যক্ষদর্শীরা চট্টগ্রাম বুলেটিনকে জানান, ট্রেন আসতে দেখেও চালক রেললাইন পার হয়ে যাচ্ছিল। আর সেই গাফিলতির বলী হলো মা-মেয়ে।  দুর্ঘটনার সময় একই গাড়িতে মাকছুদার স্বামী, ছেলে এবং চুমকির শিশুপুত্র শাফায়াতও ছিলেন। রেললাইনে গাড়িটি আটকে পড়ে। তারা তড়িঘড়ি করে শিশুকে নিয়ে নেমে যেতে পারলেও মাকছুদা ও চুমকি আটকে যান ভেতরে।

গুরুতর আহত অবস্থায় মাকছুদা খাতুন ও মেয়ে চুমকিকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে ডাক্তাররা। কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনই প্রাণ হারান।

মাকছুদা খাতুনের ছেলে ইমাম হাসান চোখে জল নিয়ে বলেন, আমার চোখের সামনে মা-বোনের এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শত চেষ্টা করেও তাদের বাঁচাতে পারলাম না। ট্রেন আসতে দেখে আমি তাদের ধাক্কা দিয়ে অটোরিকশা থেকে বের করে আনতে চেয়েছিলাম। কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই ঘাতক ট্রেন প্রাণ কেড়ে নিল।

সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বলেন, সিএনজি অটোরিকশাটি রেললাইনে আটকে গেলে ঢাকাগামী ট্রেন এসে ধাক্কা দেয়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রসঙ্গত, খামখেয়ালিপনা ও দায়িত্বহীনতার অভিযোগ সিএনজি চালকদের বিরুদ্ধে নতুন নয়। প্রায়শই সীতাকুণ্ড উপজেলায় দেখা যায়, তারা ঝুঁকি নিয়ে যাত্রীদের জীবন হুমকিতে ফেলেন রেলক্রসিংগুলোতে ও সড়ক, মহাসড়কে। এবারের ঘটনাটিও তারই ভয়াবহ পরিণতি। ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন বলে জানা যায়। মর্মান্তিক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

Tags :

সর্বশেষ