চট্টগ্রাম বুলেটিন

হালিশহরবাসীর ভুল ভাঙালেন চসিক মেয়র

হালিশহরের বাসিন্দাদের ভুল ভাঙালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উন্নয়ন প্রকল্পের ফিরিস্তি দিয়ে জানিয়ে দিলেন হালিশহরকে ঘিরে পরিকল্পনা ও ভাবনা৷ এসময় জোর করতালি দিয়ে মেয়রকে অভিনন্দন জানান বাসিন্দারা।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে সন্দ্বীপ বাসীর ঐতিহাসিক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ ভুল ভাঙালেন৷ এর আগে হালিশহরের বাসিন্দারা নানা উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছেন বলে মেয়রকে অভিযোগ করেন৷ এসময় বাসিন্দারা বক্তব্য দিতে গিয়ে বলেন, আমাদের হালিশহর বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপের মতোই অবহেলিত৷ দীর্ঘ দিন কোন রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট করা হয় না৷ অনেক অলি-গলি, সড়কের বেহাল দশা৷ নাগরিক সেবা পেতে ভোগান্তির শিকার হতে হয়৷ এসব সেবা আরও সহজ করা প্রয়োজন৷ একইসাথে মহানগর বিএনপিতে হালিশহরের নেতাদের অন্তর্ভুক্ত করার দাবিও জানান বক্তারা।

পরে চসিক মেয়র বক্তব্য দিতে ওঠে বলেন, আপনাদের জানিয়ে রাখি, হালি শহরে অন্তত পাঁচটি সড়ক বর্তমানে কাজ চলছে। সন্দ্বীপ কলোনির নালাটির ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। শিঘ্রই সৈয়দ কাশেমশাহ সড়কও উন্নয়নের আওতায় আনা হবে এবং আগামীতে যে টেন্ডারগুলো হবে সেখানে ওই সড়কটির টেন্ডার হবে বলে জানান মেয়র। এ সময় সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, হালিশহরে আমি প্রায় সময় যাই। কিছুদিন আগেও সেখানকার মসজিদে নামাজ পড়েছি, ওই মসজিদের উন্নয়নের দাবি আমার কাছে এসেছে এবং এটি আমি করে দেব। এ সময় মেয়র বলেন, ১৩ টি টেন্ডার ইতিমধ্যে হয়েছে আরও ২৫ টি টেন্ডার শীঘ্রই হবে। প্রায় ৪০ টি সড়ক মেরামত করা হবে চট্টগ্রাম শহরে৷ চট্টগ্রাম শহরের চেহারা বদলে দেওয়া হবে ইনশাল্লাহ। বর্ষাকাল শেষ এখন শুধু উন্নয়ন কাজ চলবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তরুণ বক্তা ইসরাফিল খসরু। তিনি বলেন সন্দ্বীপের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। সন্দ্বীপের মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ৷ দেশের কোথাও এতো বেশি আতিথেয়তা নেই। আমাদের মধ্যে একটি ইজম কথা চালু আছে। আমি মনে করি নোয়াখালীজম, সন্দ্বীপিজম এসব কোনোই ইজম চলবে না, আমরা সবাই এক, আমাদের সবার ইজম ন্যাশনালিজম৷ এই জাতীয়তাবাদকে ধারণ করে আমরা সবাই এগিয়ে যাব। আমরা সবাই চাই একটা সুন্দর বাংলাদেশ, সেই সুন্দর বাংলাদেশ গঠনে আসতে হবে। তিনি আরো বলেন আগস্টের বিজয় কোন নির্দিষ্ট দল, গোষ্ঠীর বিজয় নয়৷ এ বিজয় বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী মানুষের।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সন্দ্বীপ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, পেশাজীবী পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব খুরশিদ জামিল, এ্যাব চট্টগ্রামের সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোঃ জানে আলম, সন্দীপ উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক, এতে সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবর৷

Tags :

সর্বশেষ