Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

২৪২ কর্মচারীকে পদোন্নতি: চট্টগ্রাম ওয়াসা এমডিকে শ্রমিক কর্মচারীদলের ফুলেল শুভেচ্ছা

চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের পক্ষ থেকে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম মোঃ জানে আলমকে শুভেচ্ছা জানানো হয়েছে।

রবিবার (৫ জুন) সকালে চট্টগ্রাম ওয়াসার শ্রমিক কর্মচারী দলের নেতারা ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) শারমিন আলম, সচিব শাহিদা ফাতেমা চৌধুরী’কেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় চট্টগ্রাম ওয়াসার ২৪২ জন কর্মকর্তা ও কর্মচারীকে দীর্ঘ কয়েক বছর পর পদোন্নতি দেওয়ায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতারা। তারা বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত থাকা কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য মূল্যায়ন হওয়ায় কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে।

শ্রমিক কর্মচারী দলের নেতারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতির যোগ্যতা থাকা সত্ত্বেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাদের ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো কর্মকর্তা বা কর্মচারীর পেশাগত যোগ্যতা ও কর্মদক্ষতাকে অবমূল্যায়ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার যোগ্যতা, দক্ষতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়নের ধারা অব্যাহত রাখবে।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া, সিনিয়র সহ-সভাপতি কাজী মহিউদ্দিন মানিক, সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, মোহাম্মদ খোকন, ফরহাদ হোসেন, গোলাম মোহাম্মদ গাজী, কামাল আবছারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Tags :

সর্বশেষ