সাম্প্রতিক অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরের কিছু এলাকায় গ্রাহকদের ভূগর্ভস্থ জলাধারের (আন্ডারগ্রাউন্ড রিজার্ভার) পানি দূষিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ পরিস্থিতিতে গ্রাহকদের রিজার্ভার জীবাণুমুক্ত করা এবং পানি ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
শুক্রবার এক গণবিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ওয়াসা জানায়, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নগরের কিছু এলাকায় ভূগর্ভস্থ জলাধারে ড্রেনের পানি মিশে যাওয়ায় পানীয় পানি ব্যবহার ও পান করার অনুপযোগী হয়ে পড়তে পারে।
এ অবস্থায় গ্রাহকদের বাড়ির আন্ডারগ্রাউন্ড ও ওভারহেড রিজার্ভার পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পাশাপাশি পানি ফুটিয়ে পান করার অনুরোধ জানিয়েছে ওয়াসা।
রিজার্ভার পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পদ্ধতি সম্পর্কে জানতে চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট মড-১ (০১৩২৪-৭১২৪৩১), মড-২ (০১৩২৪-৭১২৪৩২), মড-৩ (০১৩২৪-৭১২৪১১) এবং মড-৪ (০১৩২৪-৭১২৪২৪) বিভাগের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে গ্রাহকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে সংশ্লিষ্ট বিভাগগুলো প্রস্তুত রয়েছে।