নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড
দেশের কৃষক সমাজের অধিকার আদায়ে এবং কৃষি খাতের বিদ্যমান সংকট নিরসনে কৃষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী।
শনিবার বিকেলে সীতাকুণ্ডের ফৌজদারহাটে নিজ বাসভবনে মিরসরাই উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সার ও সেচ সমস্যা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অধ্যাপক আসলাম চৌধুরী বলেন, “কৃষকদল বিএনপির একটি অন্যতম চালিকাশক্তি। দেশের কৃষক সমাজ আজ নানা সংকটে জর্জরিত। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কৃষি খাতের অব্যবস্থাপনা রোধে সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত হতে হবে। এ সময় উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন ও সদস্য সচিব আবু দাউদ-এর নেতৃত্বে প্রতিনিধিদলটি তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বৈঠকে মিরসরাই উপজেলা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।