চট্টগ্রাম বুলেটিন

আব্দুল্লাহ আল নোমানের মতোই আমাকে পাশে পাবেন’: সাঈদ আল নোমান

 

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, আমার বাবা মরহুম আব্দুল্লাহ আল নোমানের মতোই আপনারা আমাকে পাশে পাবেন। আপনাদেরকে আমার কাছে আসতে হবে না, আমিই আপনাদের ঘরে ঘরে যাব ঠিক ভোটের আগের মতোই।

সম্প্রতি চট্টগ্রামের চট্টেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান বলেন, “চট্টগ্রাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য পীঠস্থান। আবদুল্লাহ আল নোমান যেভাবে বিগত দিনে আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলেন আমিও ঠিক একইভাবে আপনাদের পাশে থাকব। চট্টেশ্বরী কালী মন্দির চট্টগ্রামের প্রাচীন ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ এবং অনেক কালের সাক্ষী। কেউ যদি এই সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে তাকে কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি:
অনুষ্ঠানে ন্যাপ নেতা মিটুল দাশ গুপ্ত মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশের ৫১ সতীপীঠের অন্যতম। ব্রিটিশ বিরোধী স্বরাজী আন্দোলনের সময় বিপ্লবীরা এখানে শপথ নিতেন। তিনি সংসদ সদস্যের মাধ্যমে সরকারের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। এগুলো হলো অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ, হিন্দুদের ২৬ লাখ একর জমি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া৷ সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরের জন্য চট্টগ্রামে একটি কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার জন্য দ্রুত জায়গা নির্ধারণ ও বাস্তবায়ন, সুরক্ষা আইন: সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় স্থাপন।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক বাণিজ্য সম্পাদক মো: হেলালউদ্দীন চৌধুরী, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা অশোক চক্রবর্তী। এছাড়াও মন্দিরের সেবায়কদের মধ্যে উপস্থিত ছিলেন অরুণ চক্রবর্তী, বিজয় চক্রবর্তী, শিবু প্রসাদ চক্রবর্তী, দেবু চক্রবর্তী, ডা: রাজেশ চক্রবর্তী, ড. রাজীব চক্রবর্তীসহ মন্দির কমিটির অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ।৷ অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রামের ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সংসদ সদস্য সাঈদ আল নোমান মন্দিরের যেকোনো অবকাঠামোগত উন্নয়নে ব্যক্তিগত ও সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

Tags :

সর্বশেষ