Skip to main content

চট্টগ্রাম বুলেটিন

আ.লীগ আমলের নেতা, এখন পিডিবির কর্তা

চট্টগ্রাম: আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের চট্টগ্রাম কেন্দ্রের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা প্রকৌশলী গিয়াস ইবনে আলম বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অতীত সাংগঠনিক পরিচয় এবং বর্তমান সরকারি দায়িত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের একটি কমিটির ছবিতে গিয়াস ইবনে আলমকে কার্যকরী সদস্য হিসেবে দেখা যায়। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছবিটির সত্যতা নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি ওই সংগঠনের কার্যকরী সদস্য ছিলেন বলেও স্বীকার করেন।

আওয়ামী লীগ সরকারের সময় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সঙ্গে তাঁর সম্পৃক্ততা প্রসঙ্গে জানতে চাইলে গিয়াস ইবনে আলম বলেন, “সেসময় সবাই সেই সংগঠনে যুক্ত ছিলেন।”

তবে বর্তমানে কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন তিনি।

গিয়াস ইবনে আলম বর্তমানে পিডিবির নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে চট্টগ্রামের বাকলিয়া এলাকার পিডিবির দায়িত্বে রয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় অতীতে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত থাকা কর্মকর্তাদের বর্তমান অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এরই ধারাবাহিকতায় গিয়াস ইবনে আলমের পুরোনো সাংগঠনিক পরিচয় এবং বর্তমান সরকারি দায়িত্বও আলোচনায় এসেছে।

২০২৩ সালে প্রকাশিত বিভিন্ন সংবাদেও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের চট্টগ্রাম কেন্দ্রের কার্যক্রমে গিয়াস ইবনে আলমের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। সংগঠনটির চট্টগ্রাম কেন্দ্রের একটি কমিটির ছবিতেও তাঁর নাম ও পদ উল্লেখ রয়েছে।

তবে অতীতের ওই সাংগঠনিক ভূমিকার পাশাপাশি নিজের বর্তমান অবস্থান সম্পর্কে গিয়াস ইবনে আলম জানিয়েছেন, তিনি বর্তমানে কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবি ও তাঁর বর্তমান সরকারি দায়িত্বকে ঘিরে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত বা মূল্যায়নের তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

Tags :

সর্বশেষ